সাইন্যাপস্‌ পত্রিকা🙏আমাদের পথ চলা শুরু ১৯৯৮🔰বর্তমানে ওয়েবে প্রকাশিত লিটল ম্যাগাজিন🌈পড়ার জন্য উন্মুক্ত, সবার জন্য, সবসময়🔆নিছক সাহিত্যচর্চা নয় এক জীবনচর্চা, জেগে থাকা

কথায় কথায় রাজীব।। একটি শান্তিকামী কবিতা

 



একটি শান্তিকামী কবিতা

রাজীব কুমার ঘোষ

 

মধ্যপ্রাচ্যে যুদ্ধ হোক আমি চাই না,

শেয়ারের দর 

               পড়ে 

                      যায়।


কয়লা, তেল, গ্যাস নিয়ে ঝামেলা

আকাশ-জল-স্থল পথে হামলা

কাজের কথা নয়। শেয়ারের দর

                               পড়ে 

                                    যায়।

 

আন্তর্জাতিক উত্তেজনা বড় ক্ষতিকর,

দেশে সরকার বদলানোও ক্ষতিকর।

শেয়ারের দর 

               পড়ে 

                       যায়।

 

স্কুলে দেড়শো বাচ্চা মিসাইল ভাজা।

আহা! কী শোক!

শহর-নগর জ্বলে খাক হয়ে যাচ্ছে

আহা! কী কষ্ট!

কিন্তু বুঝলেন না

সব কিছুর ঊর্ধে বিশ্ব বাজার।

তাছাড়া, শেয়ারের দর 

                      পড়ে 

                            যায়।

 

যুদ্ধ নয় শান্তি চাই, সন্তানের হাতে

দিতে চাই তুলে ভর ভরন্ত শেয়ার।

বুঝলেন না! যাঃ তা হয় নাকি!

আপনি ঠিকই বুঝছেন। ঠিকই

সব অশ্রু-ঘাম-তেল-রক্ত-মিসাইলে

আছে শেয়ার  আপনার, আমার।


শেয়ারের দর যেন পড়ে না যায়।


(ছবি-সংবাদ এ আই সহযোগে রাজীব কুমার ঘোষ)


আগের সমস্ত লেখা পড়তে চাইলে ক্লিক